গ্রন্থালোচনা • ২৪ অক্টোবর ২০২৬ • ১ মিনিট পাঠ
ইসলামে মসজিদব্যবস্থা: হারানো চেতনার পুনরুজ্জীবন
মসজিদ—মুসলিম জীবনের প্রাণকেন্দ্র। ইবাদত থেকে ইলম, তরবিয়ত থেকে সমাজ গঠন—মুসলিম জীবনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে মসজিদের রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। অথচ সময়ের পরিক্রমায় মসজিদের এই বহুমাত্রিক ভূমিকার অনেকটাই আজ বিস্মৃত। সেই হারানো চেতনার দিকে ফিরে তাকানোর এক গুরুত্বপূর্ণ আহ্বান ইসলামে মসজিদব্যবস্থা।
মাওলানা জফিরুদ্দিন মিফতাহি রহিমাহুল্লাহ ছিলেন গভীর জ্ঞান, প্রখর চিন্তাশক্তি ও সমাজসচেতন দৃষ্টিভঙ্গির অধিকারী প্রাজ্ঞ আলেম ও লেখক। তাঁর লেখায় যেমন রয়েছে দলিলের দৃঢ়তা, তেমনি রয়েছে ভাষার সাবলীলতা ও বাস্তবতার গভীর অনুধাবন। ইসলাম কা নেযামে মাসাজিদ তাঁর সেই ইলমি ও সংস্কারধর্মী চিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গ্রন্থটিতে মসজিদের প্রকৃত উদ্দেশ্য ও মর্যাদা, পরিচালনা ও ব্যবস্থাপনা, ইমাম-মুয়াজ্জিনের দায়িত্ব, মসজিদকমিটি ও মুসল্লিদের কর্তব্য, মসজিদের আদব—সবকিছুই কুরআন-সুন্নাহ ও ইসলামি ঐতিহ্যের আলোকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মসজিদকেন্দ্রিক বিভিন্ন ভুল ও অনিয়মেরও সংশোধনমূলক দিকনির্দেশনা রয়েছে।
সাইয়্যিদ মানাজির আহসান গিলানি রহিমাহুল্লাহর মূল্যবান ভূমিকাসমৃদ্ধ এ গ্রন্থটি মসজিদের প্রকৃত ভূমিকা পুনরুজ্জীবনের পথে একটি সময়োপযোগী প্রয়াস। এ মহান কাজটি বাংলাভাষী পাঠকদের কাছে পৌঁছে দিতে অনুবাদ করেছেন উস্তাদে মুহতারাম মাওলানা মুহাম্মদ আলী জওহর হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর ইলম ও আমলে বরকত দিন, আমিন!